সব মন্ত্রীর বাড়ি উড়িয়ে দেয়া হবে

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০৭
মন্ত্রিপাড়ায় মন্ত্রীদের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, আইজিপির বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, ডিএমপি কার্যালয়, ডিবি কার্যালয় ও রাজারবাগ পুলিশ লাইন্স উড়িয়ে দেয়ার জন্য অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে এসএমএস দিয়েছে। ভুয়া রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন থেকে পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনে এসব এসএমএস দেয়া হয়েছে। এসএমএস দেয়ার বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করার পর গতকাল মঙ্গলবার থেকেই এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মিন্টো রোডে প্রবেশের দুই মুখে পুলিশ চেকপোস্ট স্থাপন করে। মন্ত্রীর বাসভবন, ডিবি কার্যালয়, ঢাকা জেলা প্রশাসকের বাসভবন সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্যকোন গাড়ি এই সড়কে প্রবেশ করতে দেয়নি। একইভাবে হেয়ার রোড, বেইলি রোড, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ও রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, এসব এলাকায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় স্থাপনা থাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।