বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৮৪ ঘণ্টার টানা হরতালের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার রাজধানীর কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুর ও কমপক্ষে পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। হরতাল চলাকালে রাজধানীসহ সারাদেশে অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাতকসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও হরতাল বিরোধীদের সংঘর্ষে কয়েকশ’ ব্যক্তি আহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে এক যুবদল কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খুলনায় বোমা বিস্ফোরণে ঝলসে গেছে দুই স্কুলছাত্রের শরীর। ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া আইন-শৃংখলা রক্ষায় টাঙ্গাইলের গোপালপুর ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল হরতালের সমর্থনে মিছিল হয়েছে। মাতুয়াইলে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে হরতালকারীরা, যাতে দগ্ধ হয়েছেন আটজন। আহতরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সাধীন আছেন। দুপুর সোয়া দুইটার দিকে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামীকোমল পরিবহনের ওই বাসে আগুন দেয়া হয়। পরে ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া রাজধানীর মধ্য বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। ভোর চারটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে সিরামিক কারখানার সামনে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হলে বাসটি প্রায় পুরোটাই পুড়ে যায়। এর আগে সোমবার রাত তিনটা থেকে চারটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে অ্যাভিনিউ ৫ সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্যাক্সিতে আগুন দেয় হরতাল সমর্থকরা। এদিকে যাত্রাবাড়িতে সকাল সোয়া সাতটার দিকে কয়েকটি গাড়ি ভাঙচুর করে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময় ভাষানটেক এলাকায় স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করে এবং ককটেল ফাটায়। এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ির বেগুনবাড়ি চার নম্বর গেইট এলাকায় হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ছয়-সাতটি হাতবোমা ফাটায়। এ সময় তারা একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করে।
পাবনা: ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবদল কর্মী আসাদুল ইসলামের (২৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আসাদুল মুলাডুলি গ্রামের মৃত আজিজুলের ছেলে। তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস পুলিশের ধাওয়ায় মৃত্যুর ঘটনা অস্বীকার করে বলেন, হরতালে পিকেটিং করার সময় জেলার বিভিন্ন স্থান থেকে ১২ পিকেটারকে আটক করা হয়েছে। এদের মধ্যে রাসেল (২০) নামে এক পিকেটারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খুলনা অফিস: হরতাল চলাকালে দুপুরে নগরীর খানজাহান আলী থানা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে আলিফ ও নাজমুল নামে তৃতীয় শ্রেণীর দুই ছাত্র আহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, টিফিনের সময় ছাত্ররা স্কুলের সামনের মাঠে খেলা করছিল। এ সময় তারা নারকেলের খোসা দিয়ে ঢাকা একটি বস্তু থেকে আগুন জ্বলছে দেখতে পায়। কিছু বুঝে উঠার আগেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ২ ছাত্রের শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরীপুর (ময়মনসিংহ): সোমবার রাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির কলতাপাড়াস্থ কার্যালয়ে আগুন দিয়ে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলা পরিষদের ডাকবাংলোয় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নাশকতার চেষ্টা চালানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম। এছাড়া হরতাল সমর্থকরা সোমবার রাতে গৌরীপুর-ময়মনসিংহ রেলপথের ইউসুবাবাদ এলাকায় স্লিপারে অগ্নিসংযোগ করে। এতে ২টি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।
গোপালপুর (টাঙ্গাইল): পৌরশহরের পালপাড়া মোড়, তামাকপট্টি ও আভঙ্গি মোড়ে ১৫/২০টি বাড়ি ও দোকানপাট ভাংচুর এবং একাধিক বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এসময় হরতাল সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে আহত ২৫ জনের মধ্যে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত বিএনপি কর্মী হুমায়ুন ও রফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): উপজেলার খড়িবাড়ী বাজারে সকালে বিক্ষোভ-সমাবেশ করার প্রস্তুতি নেয় ১৮ দলের নেতাকর্মীরা। এ খবর পেয়ে একই স্থানে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করলে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার আইন-শৃঙ্খলা তথা জানমাল রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন। মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল।
চট্টগ্রাম অফিস: হরতাল চলাকালে নগরীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। এছাড়া নগরীতে বিক্ষিপ্তভাবে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ১১টায় নগরীর চান্দগাঁও এলাকায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময় হয়। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় ১৮ দলীয় জোটের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে ১৮ দলের সমাবেশ চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। আগের রাতে নগরীর দেওয়ান বাজার এলাকায় পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়।
এদিকে ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের দোয়াজিপাড়া এলাকায় পিকেটাররা দুটি পিকআপ এবং কুমিরা এলাকায় একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। হরতাল চলাকালে দুপুরে সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদের বাড়িতে হামলা চালায় ৫০-৬০ জন মুখোশধারী দুর্বৃত্ত। হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ও দুটি দোকান ভাংচুর করে।
রাজশাহী অফিস: নগরীতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তারা একটি অত্যাধুনিক পিস্তল ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। সোমবার রাত আটটার দিকে নগরীর রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট: নগরীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। তবে নগরী ও আশপাশের এলাকার বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে হরতাল আহ্বানকারীরা।
ছাতক (সুনামগঞ্জ): উপজেলার গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিআরসেল নিক্ষেপ করেছে। এসময় অর্ধশতাধিক গাড়ি, ৩টি দোকান ভাংচুর ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বরিশাল অফিস:বাকেরগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে উভয়ের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপি’র ৫ নেতাকর্মী আহত হন। পুলিশ নগরীর ফকিরবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ শিবির কর্মী ও রূপাতলী থেকে ২৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজিসহ ৬ বিএনপি নেতাকর্মীকে আটক করে। সকালে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপির নেতৃত্বে শহরে মিছিল-সমাবেশ হয়েছে।
কুমিল্ল¬া: চান্দিনায় ১৮ দলীয় জোটের শরীক এলডিপির মিছিলে বিএনপির হামলা ও দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এলডিপির চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জ: হরতাল চলাকালে পুলিশের শর্টগানের গুলিতে সদর উপজেলার ধানবান্ধি ডোবাপাড়া মহল্লার আকসেদ আলীর পুত্র ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন (২৭) ও একই মহল্লার তারা শেখের পুত্র স্বেচ্ছাসেবক দলের কর্মী সাজু (২৬) গুলিবিদ্ধ হয়েছেন।
বেনাপোল (যশোর): বোমা তৈরির সময় বিস্ফোরণে আ:জলিল (২৬) নামে এক বোমা কারিগর আহত হয়েছেন। গত সোমবার রাতে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মুচির বাগান এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত জলিল কদমতলা বারোপোতা গ্রামের তালেবার রহমানের পুত্র। তাকে আটকের চেষ্টা চলছে। গ্রামবাসী জানায়, বোমা বিস্ফোরণে জলিলের হাত, মুখ, বুক, চোখ ও পা ঝলসে গেছে।
বকশীগঞ্জ (জামালপুর) :পটকা বিস্ফোরণে ফারুক মিয়া নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ফারুককে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর :রংপুর সরকারি কলেজে ছাত্রদল, ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও কলেজের চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন আহত হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ গেটে ২টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে হরতালে নগরীর কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয় মোড়ে পুলিশকে লক্ষ্য করে নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে ৫ পথচারী আহত হয়েছে। এদের মধ্যে এএমপি এগ্রো প্রতিষ্ঠানের কর্মকর্তা জহুরুল ইসলামের (৪৫) অবস্থা গুরুতর। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর:পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সদর উপজেলায় বাসন ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী, বিএনপি কর্মী সালেহ আহম্মেদ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার নেতা-কর্মীকে আটক করেছে।
সাতক্ষীরা:সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা ৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা বন্দর শ্রমিক লীগ কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। হরতালে তৃতীয় দিনের মত বন্ধ রয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের সারপলশিয়া নামক এলাকায় পুলিশ ও শিবিরের সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ :শহরের ব্যাপারিপাড়া থেকে ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। জনৈক আনসার আলির বাড়ির পিছনে পরিত্যক্ত বাথরুমের ভিতর এগুলো লুকিয়ে রাখা ছিল।
নোয়াখালী: সদর উপজেলার খলিফার হাটে হরতালকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) : হরতাল সমর্থকরা সকালে সোনাকানিয়া-মির্জারখীল দরবার শরীফ সড়কে ৩টি সিএনজি অটো রিক্সা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখালের মুখ এলাকায় একটি (ঢাকা মেট্রো-জ- ১৪-০০৯৬) বাস ভাংচুর করে। এ সময় এক মহিলা হজ্বযাত্রী ইটের আঘাতে আহত হন। এছাড়া খুনিবটতল এলাকায় বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি এ্যাম্বুলেন্স (বান্দরবান-চ- ৭১-০০০৭) ভাংচুর করা হয়। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা মো. আলী (৫২) নামে এক ব্যক্তি আহত হন। একই এলাকায় পিকেটারদের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটো রিক্সা সড়কের খাদে পড়ে গেলে ৪ যাত্রী আহত হন।
দাউদকান্দি (কুমিল্লা) :সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে পিকেটাররা কমপক্ষে ৬টি গাড়ি ভাংচুর করে। এতে ৩ জন আহত হয়।
লক্ষ্মীপুর :সকাল থেকে হরতালের সমর্থনে জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এসময় সড়কে ২৫/৩০ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শহরে আতংক সৃষ্টি করা হয়।
নরসিংদী : হরতাল চলাকালে জেলার মাধবদী, ভেলানগর, সাটিরপাড়া, মরজাল, বাড়ৈচা এলাকায় কমবেশী ১২টি ককটেল বিস্ফোরিত এবং ১৩টি সিএনজি ভাংচুর হয়েছে। ভোরে শহরের চিনিশপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা।
