টাইফুন বিধ্বস্ত ফিলিপাইনে সহায়তাকল্পে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতৃত্বে বেশ কিছু যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, টাইফুনের তাণ্ডবে দেশটিতে ১০ হাজার লোকের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য দুর্গত লোক এখনো সাহায্যের অপেক্ষায় দিন গুণছে।
সুপার টাইফুন হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনের সমগ্র উপকূলীয় শহর ধ্বংস্তুূপে পরিণত হয়েছে। দেশের মধ্যাঞ্চলীয় দ্বীপগুলো অধিংকাংশই দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত। প্রচণ্ড গতির বাতাস ও সুনামির মতো ঢেউয়ে বিপর্যস্ত উপকূলে দুর্যোগের মাত্রা ভয়াবহ আকারে বেড়ে চলছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো ‘জাতীয় দুর্যোগ অবস্থা’ ঘোষণা দেয়ার পর জাতিসংঘ হিউম্যানিটারিয়ান অপারেশনস পরিচালক জন গিং বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার অপেক্ষায় আছি। আমরা যতই দুর্গত অঞ্চলের ভেতরে প্রবেশ করছি, ততই এই টাইফুনে অধিক থেকে অধিকতর লোকের প্রাণহানির কথা জানতে পারছি।’ সামর্থ্যের অভাবে উদ্ধার কর্মীরা দুর্গত মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ, আশ্রয় ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করতে পারছে না। যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে ত্রাণকাজে সাহায্য করার জন্য।
