জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হরতালের নামে সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, হরতালে প্রতিবাদের ভিন্ন কর্মসূচি থাকবে। কিন্তু যাত্রীবোঝাই বাসে আগুন দেয়া, ছোট ছোট শিশুদের পুড়িয়ে মারা কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনাকে অমানবিক হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, হরতালের নামে এমন নৃশংসতা একাত্তরের পর জাতি আর কখনোই দেখেনি। কোন রাজনৈতিক দল এমন কাজ করতে পারে সেটাও আমার কাছে অবিশ্বাস্য।
বিরোধী দলের ডাকা হরতালকালে সহিংসতায় অগ্নিদগ্ধ ও আহতদের দেখতে গতকাল মঙ্গলবার সজীব ওয়াজেদ জয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। তিনি তাদের পাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজ-খবর নেন। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এভাবে শিশুদের পুড়িয়ে মারছে, বাসে আগুন দিচ্ছে তারা কোন মানুষের পর্যায়ে পড়ে না। এর জন্য যারা দায়ী তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল তো নয়ই, এটা সন্ত্রাসীদের দল। তারা হরতাল ঘোষণা করে আগুন দিয়ে আট বছরের শিশু সুমিকে পুড়িয়ে মেরেছে। এ সময় আবেগআপ্লুত কণ্ঠে জয় বলেন, ‘আমারও একটি মেয়ে আছে। এ মাসে তার বয়স সাত বছর পূর্ণ হবে। একজন বাবা হিসেবে কোন শিশুকে পুড়িয়ে মারা আমি কল্পনাও করতে পারি না। এ ঘটনা দেখে বিএনপির প্রতি আমার ঘৃণা হয়। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, এমন নৃশংসতার পুনরাবৃত্তি যেন আর না হয়।’ তিনি বলেন, যারা বোমা ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে মানুষ মারার হুকুম দিচ্ছে, বোমা বানাচ্ছে, পেট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম কেনার টাকা দিচ্ছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় জয়ের সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি প্রমুখ।
