বান্দরবানের আলীকদমের বাবুপাড়া বৌদ্ধ বিহারে গতকাল মঙ্গলবার কঠিন চীবর দান অনুষ্ঠানে পুণ্যার্থীদের ঢল নামে। দিনব্যাপী অনুষ্ঠানে ভিক্ষুসংঘের পিন্ডদান, সূত্রপাঠ, প্রাত:রাশ, বৌদ্ধ পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কার ও মহাসংঘদান মঙ্গলাচরণ পাঠ ও সমবেত প্রার্থনা করেছেন দায়ক-দায়িকারা। স্থানীয় চায়ে অং মেম্বার পাড়া, উক্যজাই হেডম্যান পাড়া ও বাবু পাড়ার বৌদ্ধ ধর্মালম্বীরা এ কঠিন চীবর দানের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী দায়ক-দায়িকারা ভিক্ষুসংঘের ধর্ম দেশনা শ্রবণে সমবেত হন।
কঠিন চীবর দান অনুষ্ঠানে ভিক্ষুসংঘ সমবেত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্ম দেশনাকালে মহামানব গৌতম বুদ্ধের নীতি-আদর্শ, ত্যাগ ও মৈত্রীপূর্ণ আচরণ প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক বৌদ্ধ নর-নারীকে শীল পালন ও বুদ্ধের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানান। ভিক্ষুসংঘ কঠিন চীবর দানের ফল তুলে ধরেন। গৌতম বুদ্ধের প্রবর্তিত নিয়মে তিন মাস বর্ষাব্রত পালন শেষে পুণ্যার্থীরা আশ্বিনী পূর্ণিমা থেকে কার্ত্তিক পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদ্যাপন করেন।
