নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিলেন ভারতীয় কূটনীতিক

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪২
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভারতের সহযোগিতা করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মনোজ কুমার মহাপাত্র। গতকাল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার কানাডার হাইকমিশনারও সিইসির সঙ্গে এক দীর্ঘ বৈঠকে মিলিত হন। কমিশন সূত্র জানা গেছে, নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মনোজ কুমার মহাপাত্রের সঙ্গে সিইসির আলোচনা হয়েছে। কবে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সম্ভাব্য ভোটের তারিখ, নির্বাচনের সার্বিক পরিবেশ, ইসির সক্ষমতা, সামগ্রিক নির্বাচনে ভারতের সহযোগিতা লাগবে কি না ও প্রধান বিরোধী দল নির্বাচনে আসার বিষয়ে ইসির পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কি না এসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে ভারত সরকার সার্বিক সহযোগিতা করবে বলেও সিইসিকে আস্বস্ত করেছেন মনোজ কুমার মহাপাত্র। তবে বৈঠক শেষে এ বিষয়ে মনোজ কুমার মহাপাত্র বলেন, নির্বাচন ও রাজনৈতিক কোন বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়নি। বৈঠকে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারত ইসিকে সহযোগিতা করছে। সাম্প্রতিক নির্বাচন প্রস্তুতি ও নির্বাচনে ভারতের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এর আগে গত সোমবার নির্বাচন প্রস্তুতি নিয়ে কানাডার হাইকমিশনার হিডার ক্রোডেনও সিইসির সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচনকে গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না বা বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসার বিষয়ে ইসির কোন পদক্ষেপ আছে কি না তা নিয়ে আলোচনা হয়।