দেশে কর আদায় বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়ার কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সহায়তায় কর জরিপ কার্যক্রম পরিচালনা করতে চায় প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার রাজধানীর কাওরানবাজারে এফডিসিতে আয়কর বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশে করযোগ্য অনেক মানুষই আয়কর দেন না। এসব ব্যক্তিকে করের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করব। বর্তমানে জিডিপিতে করের অবদান ১০ শতাংশ। এই হার ১৫ শতাংশে উন্নীত করতে হবে।
ছায়া সংসদের আদলে বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থা নিয়ে ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানুষের মধ্যে যে করভীতি রয়েছে, তা দূর করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে কর ব্যবস্থাপনাকে আরো সহজ করতে উদ্যোগ নিতে হবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
