ভয়েস অব আমেরিকা

সহিংসতার আবর্তে বাংলাদেশ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৩
আদর্শগত দ্বন্দ্বের কারণে সহিংসতার আবর্তে জড়িয়ে পড়েছে বাংলাদেশ। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মনিরপেক্ষ ও ইসলামপন্থীদের মধ্যেকার উত্তেজনাকে কাজে লাগানোর চেষ্টা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর আদর্শগত দ্বন্দ্বের বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্ত ভয়েস অব আমেরিকাকে বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বরং এ দ্বন্দ্ব হলো আদর্শগত। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধীদল বিএনপি। তারা চলতি সপ্তাহে হরতাল পালন করছে। এ পরিস্থিতিতে আগামী নির্বাচন বিলম্ব হতে পারে এমনকি সার্বিকভাবে বাধাগ্রস্ত হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমান অচলাবস্থা ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে। ঐ সময় আওয়ামী লীগের নির্বাচন বর্জন ও সহিংসতার কারণে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। যারা দুই বছর ক্ষমতায় ছিলো। বর্তমান অবস্থায় নির্বাচন হলে বিরোধীদল ফল প্রত্যাখ্যান করতে পারে। সেক্ষেত্রে ১৯৯৬ সালের মতো অনেক হরতাল- অবরোধ ও কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচন হতে পারে।