পেট্রোল বোমায় যাত্রী আহত হবার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপিসহ ১০ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে। গত রবিবার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হিউম্যান হলারে ছুঁড়ে মারা পেট্রোল বোমায় ৭ যাত্রী অগ্নিদগ্ধ হবার ঘটনায় সোমবার রাতে সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর যুবদল নেতা ইসহাক সরকারকেও এ মামলায় আসামি করা হয়েছে।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের উস্কানিমূলক বক্তব্য এবং প্ররোচনায় হরতাল সমর্থকরা লক্ষ্মীবাজারে হিউম্যান হলারে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। বোমায় অগ্নিদগ্ধ হন মন্টু পালসহ ৭ যাত্রী। এদের মধ্যে মন্টু পালের অবস্থা আশংকাজনক।
ওসি আরও বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
