যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল পাওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কে সংবর্ধনা দেবে প্রবাসী বাংলাদেশিরা। ড. ইউনূস গণসংবর্ধনা কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই আয়োজন নিয়ে নিউইয়র্কে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। নেতৃত্ব নিয়ে স্পষ্ট দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে খোদ সংবর্ধনা কমিটি।
জামায়াত সমর্থিত বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখায় স্থানীয় সময় সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে গণসংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে কমিটির একাংশ এবং গ্রামীণ ব্যাংক রক্ষা আন্দোলন কমিটি। এর আগে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে ড. ইউনূসের গণসংবর্ধনা স্থলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
তিনটি সংগঠনের এই ত্রিমুখী এই অবস্থানে ড. ইউনূসের গণসংবর্ধনা হবে কিনা-তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা থেকে টেলিফোনে ড. ইউনূসের ছোট ভাই ও টিভি ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর জানান, গণসংবর্ধনা হবে। তিনি বলেন, কেউ ভালো কোনো কাজের উদ্যোগ নিলে সমালোচনা হতেই পারে। বাঙালি সবকিছু ভালভাবে নিতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ‘টক অব দ্য টাউন রেস্টুরেন্টে’ সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংক রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ১৭ এপ্রিল কংগ্রেসনাল গোন্ড মেডেল পাওয়ায় গ্রামীণ ব্যাংক রক্ষা আন্দোলন কমিটি গ্রামীণ আমেরিকা ও ইউনূস সেন্টারের সম্মতিতে নিউইয়র্কে ড. ইউনূসকে সার্বজনীন সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত ৮ নভেম্বর স্বঘোষিত এক আহবায়ক কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়া হবে প্রবাসী নাগরিক সমাজের পক্ষ থেকে। ওই নাগরিক সমাজের আহবায়ক ড. শওকত আলী। নামসর্বস্ব কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলে সুশীল সমাজের অনেকেই ওই অনুষ্ঠানে যোগদান করবেন না। কারণ ড. ইউনূসকে সবাই পছন্দ করলেও ড. শওকত আলীকে অনেকেই পছন্দ করেন না।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের উপদেষ্টা হাজী নূরুল ইসলাম ও আহ্বায়ক মো. নূরুজ্জামান অভিযোগ করেন, সংবর্ধনা কমিটির উপদেষ্টা, আহবায়ক ও সদস্য সচিব জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমরা প্রস্তাব করেছিলাম ড. শওকত আলীকে আহবায়ক না করে বাংলাদেশ সোসাইটির সাবেক কোনো সভাপতিকে আহবায়ক করার।
এদিকে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নেতৃবৃন্দ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে গণসংবর্ধনার নামে যুদ্ধাপরাধীদের পক্ষের লোকদের সংগঠিত করার প্রস্তুতি চলছে। সংবর্ধনা কমিটিতে যাদের নাম এসেছে তাদের প্রায় সবাই অতীতে ও বর্তমানে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন ব্যক্তিদের বাঁচানোর চেষ্টায় লিপ্ত।
এর আগে গত শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের ফুড কোর্ড রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. শওকত আলী এবং সদস্য সচিব আবু তাহের ড. ইউনূসের গণসংবর্ধনা অনুষ্ঠানটি অরাজনৈতিক এবং সার্বজনীন বলে দাবি করেন। তারা জানান, গণসংবর্ধনা সফল করতে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি চলছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২০ নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠানটি একদিন এগিয়ে নেয়া হয়েছে।
