ভারতে বিচারপতির বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৪
ভারতের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী আইনজীবী। কলকাতার আইন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী গত ডিসেম্বরে সুপ্রিমকোর্টের অভিযুক্ত ওই বিচারপতির অধীনে শিক্ষানবিশ ছাত্রী ছিলেন। শিক্ষানবিশকতা করার সময়ই তিনি ওই বিচারপতির দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। ওই তরুণী তার উপর হওয়া যৌন নির্যাতনের উল্লেখ করেছেন একটি ব্লগে। পরে ‘লিগালি ইন্ডিয়া’ নামের একটি ওয়েবসাইটে পুনরায় এই ঘটনার উল্লেখ করেছেন। নিগৃহীতা তরুণী অভিযোগ করেছেন, দিল্লিতে ১৬ ডিসেম্বরের গণধর্ষণ কাণ্ডে সারা দেশ যখন প্রতিবাদে উত্তাল তখন দিল্লিরই একটি হোটেলে পিতামহের বয়সী ওই বিচারপতি তার উপর যৌন নিগ্রহ চালান। ঘটনার পর বিষয়টি নিয়ে মেয়েটি নিশ্চুপ থাকার কারণে নিজেকে ‘ভীতু’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ভবিষ্যতে কোনও মেয়ে যাতে এই ধরণের নিগ্রহের শিকার না হন তাই তিনি বর্তমানে সোচ্চার হয়েছেন। নিজের উপর নিগ্রহের কথা প্রকাশ করে ওই তরুণী আইনজীবী বলেছেন, ‘আমি অন্তত চারজনকে চিনি যাদেরকে ওই বিচারক যৌন নিগ্রহ করেছেন। তাদের মধ্যে এক তরুণী দীর্ঘদিন ধরে তার বিকৃত লালসার শিকার হয়ে ছিলেন।’ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের এদিকে, স্টেলা জেমস নামের ওই তরুণীর এই অভিযোগ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসার পর আদালত নিজে থেকেই গতকাল এই ঘটনা তদন্তের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেন, এই অভিযোগকে হালকা করে দেখার কোনও সুযোগ নেই। ভারতের প্রধান বিচারপতি পি সদাশিবম বলেছেন, একটা প্রতিষ্ঠান হিসেবে এই অভিযোগ তাদের বিচলিত করেছে এবং এই অভিযোগ সত্যি কি না তা জানা ভীষণ জরুরি। উল্লেখ্য, সপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন অবস্থায় কোনও যৌন লাঞ্ছনার অভিযোগে কাউকে তদন্তের মুখোমুখি হবার ঘটনা ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন।