আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। তিনি বলেছেন, ব্যক্তি পর্যায়ের এ যোগাযোগ ও তাদের নির্বাচনে আনার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, দলটির কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাবেদ আলী উল্লেখ করেন, সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা কোনো বিষয় নয়। আমরা দেখবো প্রার্থী যেন সমান সুযোগ পায়। কোনো প্রার্থী যেন সরকারি সুবিধা নিয়ে প্রচারণা চালাতে না পারে এমন বিধান রেখে আচরণবিধি প্রস্তুত করা হবে।
বিএনপি অংশ না নিলে ইসি নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, কেন করবো? আমার বরং সকলকে নির্বাচনে আনার চেষ্টা করবো। সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমরা আশা করি। দলগুলোকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমাদের কাছ থেকে সকলেই সমান ট্রিটমেন্ট পাবে।
নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের আগামী ২৪ জানুয়ারি মধ্যে নির্বাচন করতে হবে। তাই ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখেই আমরা তফসিল ঘোষণা করবো।
