বিরোধী দলের সঙ্গে এখনো সন্ধি হতে পারে :তথ্যমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংবিধান মেনেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তবে সেটা রাষ্ট্রপতির কাছে যতক্ষণ না উপস্থাপন হবে এবং তিনি যতক্ষণ পর্যন্ত না তাতে সই করবেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করবেন। এটি নিয়ে অহেতুক বিতর্ক কিংবা বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই। তিনি বলেন, বিরোধীদলের সঙ্গে এখনো সন্ধি হতে পারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন ভবনে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) এবং ওয়েব টিভি’র মাধ্যমে বিশ্বব্যাপী বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠানমালা সরাসরি সমপ্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে সংবিধানের ৫৮(২) ধারা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মন্ত্রী পরিষদের সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। এটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যরা আর এক সেকেন্ডও স্বপদে থাকবেন না। মন্ত্রী বলেন, রাজা-বাদশাহদের দেখেছি যুদ্ধের মধ্যেও সন্ধি করতে। তাই আলোচনার দরজা খোলা আছে। তিনি বলেন, তবে রাজা-বাদশাহরা এ কথাও বলে গেছেন, পরাজিত শত্রুর সঙ্গে কখনো সন্ধি করো না। তাকে শেষ করে দাও। তাই ভেবে দেখি একাত্তরের সেই পরাজিত শত্রুকে যদি তখনই শেষ করে দেয়া যেত তাহলে শিশু রাসেলকে শহীদ হতে হতো না। বিকালে তথ্যমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন বিরোধী দলের সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে যান। এ সময় বার্ন ইউনিটে সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিরোধী দলের ডাকা হরতালের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। পুড়িয়ে মানুষ মারার তত্ত্ব পরিহার করে সংলাপে আসার জন্য তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান।