আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-১ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল মঙ্গলবার এ আসনের জন্য তার দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস দলীয় সভানেত্রীর পক্ষে এ আবেদনপত্র কেনেন। এর আগে গত সোমবার রংপুর-৬ আসনে এবং গত রবিবার গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রির তৃতীয় দিন গতকাল দেশের ৭ বিভাগে মোট ৩২২ জন আবেদনপত্র সংগ্রহ করেছেন। গত তিনদিনে মোট ১ হাজার ৪৭৬ টি মনোনয়নের আবেদনপত্র বিক্রি এবং ৪৭২টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র ক্রয় এবং জমা দেয়া যাবে।
