নেত্রকোনা বিএনপি অফিস ১০ দিন বন্ধ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৩
নেত্রকোনা শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির অফিসটি গত দশ দিন যাবত্ তালাবন্ধ থাকায় বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তালাবন্ধ অফিস গেইটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বসে থাকে পুলিশ। ১৮ দলের ডাকা হরতালেও বিএনপির সিনিয়র নেতাদের কোন তত্পরতা নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, প্রথম হরতালের দিন সাধারণ নেতাকর্মীরা হরতালের পক্ষে পিকেটিং করায় পুলিশ এবং সরকারি দলের লোকজন তাদের উপর হামলা এবং মামলা দেয়। কিন্তু এর প্রতিবাদে জেলা বিএনপির নেতাকর্মীদের কোন প্রতিবাদ নেই। তারা শুধু পদ আটকে রেখেছেন। এদিকে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, দলীয় অফিস খুললে সরকারি দলের ছত্রচ্ছায়ায় কিছু লোক অফিসে হামলা চালায় এবং চেয়ার টেবিল ভাংচুর করে। এ পর্যন্ত জেলা বিএনপি অফিসে ১২ বার হামলা চালিয়ে ভাংচুর করা হয়।