মিয়াদাদের ভিন্নমত!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২০
পাকিস্তানের টেস্ট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ মনে করেন, শচিন টেন্ডুলকার অবসর নেয়ার পরে মানুষ তাকে ভুলে যাবে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে মাঠে নামবেন এই ব্যাটিং জিনিয়াস। কারণ দলে তার শূন্যস্থান পূরণের মতো তরুণ ক্রিকেটার পেয়েছে ভারত। মিয়াদাদ পিটিআইকে বলেন, ‘কোনো ক্রিকেটার অবসর নেয়ার পর পরই এই অঞ্চলের ক্রিকেট ভক্তরা তাকে ভুলে যায়।’ সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান মনে করেন শচিনের আরো আগে অবসর নেয়া উচিত ছিল, ‘আমি বলবো টেন্ডুলকারের আরো আগেই অবসর নেয়া উচিত ছিল। সে এমন একটা সময়ে অবসর নিতে চলেছে যখন ভারত তার বিকল্প কয়েকজন দারুণ ব্যাটসম্যান খুঁজে পেয়েছে। এই তরুণরাই এখন ভারতের মানুষের কাছে উদিয়মান নায়ক।’ মিয়াদাদ মনে করেন, শচিন আশানুরূপভাবেই তার শেষ ম্যাচ উপলক্ষে যথেষ্ট প্রশংসা এবং সম্মান পাচ্ছেন। এই পাকিস্তানি বলেন, ‘এটা দারুণ। সে এই সম্মানের দাবিদার। কারণ বিগত বছরগুলোতে সে ভারতের ক্রিকেটে অনেক অবদান রেখেছে। শচিন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন।’ টেন্ডুলকারের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি বলবো যেসব দেশে ক্রিকেট খেলা হয় সেসব দেশের তরুণদের কাছে সে আদর্শ।’ ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শচিনের অভিষেক ঘটে। সেই সময় পাকিস্তান দলে ছিলেন মিয়াদাদ। তিনি বলেন, সেদিনের সেই কিশোর তার মেধার পরিচয় দিয়ে সবাইকে চমত্কৃত করেছিলেন।