চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন। চট্টগ্রাম চেম্বারের চারটি ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালক এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ২৪ জন পরিচালক নিয়ে গঠিত পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি হিসেবে তরফদার মো. রুহুল আমিন প্রথমবারের মতো নির্বাচিত হন।
চট্টগ্রাম চেম্বারের ২৪ জন পরিচালকের মধ্যে গত ৫ মে ১২ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই ১২ জনের মধ্যে টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছয়জন, ট্রেড গ্রুপ থেকে তিনজন নির্বাচিত হন। ২৪ জন পরিচালকের মধ্যে বাকি ১২ জন সাধারণ গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
