বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান্ উত্সব আজ থেকে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:১৫
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব কঠিন চীবর দান আজ থেকে ঐতিহ্যবাহী রাঙ্গামাটি রাজবন বিহারে শুরু হচ্ছে। দুইদিন ব্যাপী আয়োজিত এই ধর্মীয় উত্সবকে কেন্দ্র করে রাজবন বিহারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। পার্বত্য দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসকারী উত্সব শুরুর আগ থেকে তাদের ধর্মীয় তীর্থ স্থান রাজবন বিহারে এসে সমবেত হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা ও চাক উপজাতীয় সমপ্রদায়ের লোকজন প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কঠিন চীবর দান উত্সবের আয়োজন করে থাকে। বৌদ্ধ ভিক্ষুর পরিধেয় রং কাপড় (বস্ত্র)কে বলা হয় চীবর। প্রত্যেক বছর আষাড়ী পূর্ণিমা থেকে তিন মাস একটানা বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস উদযাপনের সঙ্গে সঙ্গে এই চীবর দানের ক্ষেত্র প্রস্তুত করা হয়। আশ্বিনী পূর্ণিমার দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এক মাস সময় কঠিন চীবর দান সম্পন্ন করা হয়।