নওগাঁয় চলতি ইরি-বোরো মৌসুমে মোটা জাতের ধান কেনা-বেচা হচ্ছে মণপ্রতি ৪৫০ থেকে ৫৩০ টাকায়। প্রতি বিঘায় উত্পাদন খরচ প্রায় ১৪ হাজার টাকা বাদ দিয়ে বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকা কৃষকদের লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ দিকে সারাদেশে চাতাল মালিকদের কাছে থেকে ৩৬ টাকা দরে ১২ লাখ মেট্রিকটন চাল ও কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে ১ লাখ মেট্রিকটন ধান সংগ্রহের ঘোষণা দেওয়ার ২০ দিন পর জেলায় সংগ্রহ শুরু করা হয়েছে।
জানা গেছে, জেলায় মাত্র ৫ হাজার ৬৩২ মেট্রিকটন ধান কেনার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ ১২ চাতাল মালিকের কাছ থেকে ৭২ হাজার মেট্রিকটন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্ষোভ দেখা দিয়েছে কৃষক ও কৃষকদের ধানের ন্যায্য দাম পাওয়ার দাবিতে আন্দোলনরতদের মধ্যে। সরকারের এই ঘোষণাকে ‘কৃষকবান্ধব’ না বলে ‘চাতাল মালিক বান্ধব’ বলে চিহ্নিত করা হয়েছে। কৃষকদের লোকসান ঠেকাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছে।
কৃষকদের কাছ থেকে সরসরি ধান কেনার দাবিতে জেলায় বাম মোর্চা জোট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। বাম নেতারা বলছেন, চাতাল মিলারদের কাছ থেকে সরকার ৩৬ টাকা কেজি দরে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ শুরু করেছে।
