বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি বলেছেন, ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন নিয়ে সরকারের বক্তব্যে শুভংকরের ফাঁকি রয়েছে। প্রকৃতপক্ষে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা হিসাব করে মেলানো সম্ভব হবে না। রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গতকাল বুধবার আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুত্খাতের দুর্নীতি হলমার্ক কেলেংকারির চেয়েও ভয়াবহ। এই সরকারের আমলে কুইক রেন্টাল স্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে কমিটি করে বিদ্যুত্খাতের ২০ হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার তিনি দাবি জানান। তিনি আরো বলেন, বিদ্যুত্ কেন্দ্রের অনেকগুলো নির্মাণাধীন, অনেকগুলো কেন্দ্র উত্পাদনে যাওয়ার পরই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এসব তথ্য প্রধানমন্ত্রী জাতির সামনে উন্মোচন করেননি।
এ সময় তিনি কুইক রেন্টাল বিদ্যুত্ কেন্দ্রের মালিক বা শেয়ার হোল্ডার কারা এবং সরকারের ঘনিষ্ঠদের বেনামে যে সকল প্রকল্প দেয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা এবং উচ্চমূল্যে বিদ্যুত্ কেনার চুক্তিও বাতিলের দাবি জানান। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
