বানারীপাড়ায় দুই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৭
বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নে হালিমা ও বিজলী বিশ্বাস নামের দুই কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্বরূপকাঠির কামারকাঠি খালে হালিমার ও বিকেলে বিশারকান্দির মরিচবুনিয়া গ্রামের পিত্রালয়ে ঘরের আড়ার সঙ্গে বিজলী বিশ্বাসের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। বিজলী বিশ্বাস বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। সে মরিচবুনিয়া গ্রামের মৃত চিত্তরঞ্জন বিশ্বাসের মেয়ে। মাস দেড়েক পূর্বে বিয়ের দাবিতে সে অনিমেষ বিশ্বাসের ঘরে অবস্থান নিলে থানা পুলিশের মধ্যস্থতায় তাদের বিয়ে হয়। সম্প্রতি অনিমেষ ও তার পরিবার জোর করে বিজলীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটায়।এর পর থেকে সে বিধবা মায়ের সঙ্গে বসবাস করে আসছিল। অপরদিকে বিশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চান্দু আকনের মেয়ে পার্শ্ববর্তী স্বরূপকাঠি ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী হালিমা গত সোমবার সকালে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়।মঙ্গলবার রাতে সে তার মাকে মুঠোফোনে ক্ষুদে বার্তা দিয়ে জানায় তাকে খালুর ভাগ্নে আরিফ অপহরণ করে আটকে রেখে মারধর করছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।