বিরোধী দলের সঙ্গে সুশীল সমাজের একটি অংশ জনগণকে বিভ্রান্ত করছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৮
জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দলের পাশাপাশি সুশীল সমাজের একটি অংশ সংবিধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। ক্ষমতায় যাওয়ার জন্যই তারা এমন মিথ্যাচারে নেমেছে। তারা যখনই কোন আইনী বিষয়ে কথা বলে, কথায় কথায় বলে এটা অবৈধ বা অসাংবিধানিক। অথচ আইনী যে কোন বিষয় পরিস্থিতির ওপর নির্ভর করে। গতকাল বুধবার দুপুরে গণভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। হরতালে যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগে মানুষের প্রাণহানির ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করে সজীব ওয়াজেদ জয় বলেন, এটা কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন বলা যাবে না। এটা সন্ত্রাস-মার্ডার। বিএনপি প্রতিবাদের নামে সন্ত্রাস করছে, মানুষকে পুড়িয়ে মারছে এবং ভয়ঙ্করভাবে শিশুসহ নিরীহদের আহত করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে যারা এ ধরনের সন্ত্রাস চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়ায় এবং এ ধরনের ঘটনার পরিকল্পনা ও অর্থের যোগান দেয় তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া উচিত। জয় বলেন, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রচারে আপনারা এখনই মাঠে নেমে পড়ুন। এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের শেষ লড়াই। আমরা বিজয়ী হবোই। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জয় বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনজীবী না হয়েও অনেকে আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপির পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ূন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মমতাজ উদ্দিন মেহেদি, ঢাকা বারের সভাপতি নজিবুল্লাহ হিরো প্রমুখ।