আবদুল আউয়াল মিন্টুর মুক্তি দাবি করেছে এফবিসিসিআই

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৮
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সেইসঙ্গে আবারও হরতাল না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এফবিসিসিআইয়ের এই বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধী দলের সমঝোতা প্রচেষ্টায় ব্যবসায়ীদের উদ্যোগে আব্দুল আউয়াল মিন্টু যুক্ত ছিলেন। দেশের বেসরকারি খাতের উন্নয়নে তার অবদান রয়েছে। এই অবস্থায় তার গ্রেফতারে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ও আশংকা তৈরি হয়েছে। এই অবস্থায় অনাকাঙ্ক্ষিত গ্রেফতার এবং সহিংস হরতাল দেশের ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, আমদানি-রপ্তানি, পুঁজিবাজার তথা অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে। গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবনের সামনে থেকে গ্রেফতার হন এই ব্যবসায়ী নেতা। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। গত তিনদিনের মধ্যে তার মুক্তি না হওয়ায় গতকাল এফবিসিসিআই জরুরি বোর্ড এক সভায় তার মুক্তির জন্য সরকারের প্রতি ও হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানায়।