কুমিল্লা ভার্সিটিতে নিয়োগ

ইন্টারভিউ কার্ড ছাড়াই মৌখিক পরীক্ষা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৯
কোন ইন্টারভিউ কার্ড ইস্যু ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বৃহস্পতিবার কর্মচারী নিয়োগের ইন্টারভিউ নিচ্ছে । এছাড়া লিখিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ না করেই আগামীকাল শুক্রবার চারটি পদে কর্মকর্তা নিয়োগের ভাইভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ল্যাবঃ অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, প্লাম্বার, রাজমিস্ত্রি, ক্লিনার, সহকারী কুক, বাস হেল্পারসহ ৮টি পদে কর্মচারী নিয়োগে বাছাই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। কোন ইন্টারভিউ কার্ড ইস্যু না করেই মঙ্গলবার ও বুধবার মোবাইল মেসেজের মাধ্যমে নিয়োগপ্রার্থীদের ভাইভায় অংশ নিতে বলা হয়। শিক্ষকদের আন্দোলনের কারণে গত ২৭ অক্টোবর থেকে উপাচার্য কার্যালয় ও ৪ নভেম্বর থেকে রেজিস্ট্রার কার্যালয় ১১ নভেম্বর পর্যন্ত তালাবদ্ধ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক বলেন, ‘কমপক্ষে এক সপ্তাহ আগে ভাইভার জন্য চিঠি ইস্যু করা উচিত।’ রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘বাছাই বোর্ডের সভাপতি হিসেবে উপাচার্যই এর তারিখ ও সময় নির্ধারণ করবেন। যেহেতু আমি এর সদস্য নই এটি আমার দেখার বিষয় নয়।’ অন্যদিকে জানা যায়, সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী পদে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ ছাড়াই আগামীকাল শুক্রবার ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়োগ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের তফসিল ৫ (৫)-এর পরিপন্থি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা। সকল অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান বলেন, ‘পূর্বে ভাইভার জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়েছিল। পরে তা স্থগিত হয়ে যাওয়ায় এখন নতুন করে আর কার্ড না পাঠিয়ে মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হয়েছে।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিয়োগ ও পদোন্নতি নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন রয়েছে। উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান একইসাথে কর্মচারী নিয়োগে বাছাই বোর্ডের সভাপতি এবং নিয়োগ অনুমোদনকারী।