তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪১
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তিন দিনের সফরে আগামী ১৬ নভেম্বর ঢাকায় আসছেন। বর্তমানে তিনি জাপান সফরে রয়েছেন। সেখান থেকেই নবনিযুক্ত এই সহকারী পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে আসবেন। গতকাল বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাপানে নিশা দেশাই যুক্তরাষ্ট্র-ভারত-জাপান ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠকে অংশ নেবেন। দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। বাংলাদেশ সফরকালে তিনি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক অগ্রাধিকারের নানা ইস্যুতে সরকার, বিরোধী দল, ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ, শ্রম পরিবেশ ও গ্রামীণ ব্যাংক ইস্যুও আলোচনায় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সফরকালে আগামী ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে তার সাক্ষাত্ করার কথা রয়েছে। ১৮ নভেম্বর তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ করবেন। এসময় তাদের মধ্যে ঢাকা-ওয়াশিংটন তৃতীয় পার্টনারশিপ ডায়ালগের বিষয়ে আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই বিসওয়াল চলতি বছরের ২১ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ইউএসএআইডি’র এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।