জনমত জরিপ

ওবামার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪১
জনপ্রিয়তা কমেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে অসত্ ও অবিশ্বস্ত মনে করছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের কুইনিপিক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ওই জরিপের ফলাফল প্রকাশিত হয়। জরিপের ফলাফলে অনুযায়ী ওবামার প্রতি মাত্র ৩৯ শতাংশ মানুষের মনোভাব ইতিবাচক। আর তাঁর কাজে ৫৮ শতাংশ মানুষ অসন্তুষ্ট। ৫২ শতাংশ মানুষ ওবামাকে বিশ্বাস করেন না। জরিপে ৫৩ শতাংশ মানুষ জানিয়েছেন, ওবামা যোগ্যতার সঙ্গে দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। ওবামার স্বাস্থ্যবীমা আইন ও শাটডাউন পরিস্থিতির কারণে তার জনপ্রিয়তা কমে যায় বলে ধারণা করা হচ্ছে। ওবামার সার্বজনীন স্বাস্থ্যবীমা আইন নিয়ে মার্কিন জনগণের মধ্যে এখন চরম হতাশা বিরাজ করছে। আইন প্রণয়নের আগে তিনি বলেছিলেন, স্বাস্থ্যবিমা আছে এমন লোকজন ইচ্ছা করলে তাদের আগের বীমা ধরে রাখতে পারবেন। আইন কার্যকর হওয়ার সময় দেখা যাচ্ছে, লোকজনের আগে থেকে চালু থাকা পছন্দের বীমা বাতিল হয়ে যাচ্ছে। এ নিয়ে গত সপ্তাহে জনগণের কাছে ক্ষমা চান ওবামা। জরিপে ওবামার প্রতি নারী ভোটারদের সমর্থনও কমে গেছে। দেশটির ৫১ শতাংশ নারী তার সিদ্ধান্তের বিরোধী। - ফক্স নিউজ