২০০৯ সালে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে কোনো প্রশ্ন না তুলতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে হুঁশিয়ার করেছে শ্রীলঙ্কা সরকার।
কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুক্রবার শুরু হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এ সম্মেলন বয়কট করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং শ্রীলঙ্কার মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন তুলতে সম্মেলনে উপস্থিত হতে চাইছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে কোনো প্রশ্ন তোলার অধিকার ক্যামেরনের নেই। কারণ তাকে এ প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে কেন্দ্র করে কানাডা এবং ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলন বয়কট করেছেন। কিন্তু এ আহ্বানে সাড়া দেননি ক্যামেরন। সমালোচকরা বলছেন, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে কোনোরকম উঠবস করার মানে তাদের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করারই নামান্তর। কিন্তু ক্যামেরনের যুক্তি, সম্মেলনে যোগ দিলে অন্তত মানবাধিকারের বিষয়টি কিছুটা সামনে নিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ সম্পর্কে গুরুতর কিছু প্রশ্নের উত্তর দেশটিকে দিতে হবে বলেও দাবি করেন ক্যামেরন।
