খাদ্যে ভেজাল দিয়ে যারা মৃত্যুমুখে ঠেলে দেয় তারা হত্যাকারী :নাসিম

আপডেট : ২০ মে ২০১৯, ২২:২৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, খাদ্যে ভেজাল দিয়ে যারা মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয় তারা হত্যাকারীর শামিল। এরা দেশ ও জাতির শত্রু। তাই খাদ্যে ভেজাল প্রদানকারীদের মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে। গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাব মাঠে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড করতে। এই ভেজালকারীরা মানুষরূপী নরপিশাচ, এদের শুধু অর্থদণ্ড নয়, মৃত্যুদণ্ড দিতে হবে।

মোহাম্মদ নাসিম আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যত চক্রান্ত-ষড়যন্ত্র হোক না কেন সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ১৪ দল দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে— অর্থমন্ত্রীর সাম্প্রতিক এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আমরা চাই, কৃষকের কষ্ট অনুভব করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হোক।

বাঙালি জাতীয়তাবাদ বিরোধী সকল ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি ইসলামের নামধারী যতগুলো রাজনৈতিক দল আছে, যারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রত্যেকটি দলের নামে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলব এবং হাইকোর্টে রিট করব।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব  সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ বক্তব্য রাখেন।