ফেডারেশন কাপ ফুটবলে ওয়ালটন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২১:৫০
আরবি গ্রুপের ওয়ালটন এবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে একটা ঝামেলায় ছিল বাফুফে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেকেই এগিয়ে আসতে চাইছিলেন না। সেই অবস্থায় বাফুফের ডাকে ওয়ালটন ২০ লাখ টাকা নিয়ে ফেডারেশন কাপ টুর্নামেন্টের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আগামী ২০ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাব্য সময়। ১২টি দল এবার টুর্নামেন্টে খেলবে, চার গ্রুপে। পেশাদার লিগের ১০টি, রহমতগঞ্জ, বিকেএসপি এবং পুলিশের মধ্যে প্লেঅফ ম্যাচের মাধ্যমে ১২ নম্বর দলটি চূড়ান্ত করা হবে। ১৮ নভেম্বর প্লেঅফ ম্যাচের সম্ভাবনা। তবে এই দুই দলের মধ্যে দুটি ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। ৮ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ, রানার্সআপ দলকে তিন লাখ এবং প্রত্যেক দলকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে। ওয়ালটন দেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে। ফেব্রুয়ারির মধ্যে আরো ২০টি খেলায় পৃষ্ঠপোষকতা করবে। তবে ফুটবলের বড় টুর্নামেন্টে এবারই প্রথম তারা মূল পৃষ্ঠপোষকতা করছে বলে জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা। দর্শকদের জন্য পুরস্কার দেয়া হবে ফেডারেশন কাপ ফুটবলে। মোটর সাইকেল, টিভি, মোবাইল ফোন, খেলোয়াড়দের জন্যও থাকছে পুরস্কার। আরবি গ্রুপের অতিরিক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার থাকছে ১১০ সিসি ফিউসন মোটর বাইক। থাকবে গিফট হ্যাম্পার।’ ওয়ালটনকে পাশে পেয়ে খুশি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। কারণ তিনি বলেছেন দেশের বিরাজমান পরিস্থিতিতে এই দুঃসময়ে তারা আমাদের ডাকে এগিয়ে এসেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। ফুটবল মৌসুম নিয়ে অনেকেই আশংকা করছিলেন। আমরা সেটা কাটিয়ে উঠে খেলোয়াড় দলবদল এগিয়ে নিয়ে যাচ্ছি। কাল (আজ) শেষ হবে। আশা করি একটা সুন্দর পরিবেশ নিয়ে খেলাটাও মাঠে গড়াতে পারব।’ সালাম মুর্শেদী ফুটবলের স্বার্থে সবার সহযোগিতা কামনা করেন। ওয়ালটনের সাথে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু।