হাজীগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোজাম্মেল হক নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার চাঁদপুর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়। আটক ইমাম চাঁদপুর সদর উপজেলার দেবপুর জামে মসজিদে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও ভুঁইয়া বাড়ির মোহাম্মদ জাফর আলী মিয়ার ছেলে।
ওই ছাত্রীর বাড়িও দেবপুরে। তার বাবা অন্ধ হওয়ায় হাজিগঞ্জ বাজারে ভিক্ষা করেন। ধর্ষণের ঘটনায় তার মা থানায় মামলা করেছেন। জানা যায়, ইমাম মোজাম্মেল জেএসসি পরীক্ষার আগে মেয়েটিকে ইংরেজি পড়ানোর কথা বলে সম্পর্ক গড়ে তোলেন। গত ১৭ নভেম্বর হাজিগঞ্জ বাজারে একটি ফ্ল্যাট ভাড়া নেন ওই ইমাম। সেই ফ্ল্যাটে মেয়েটিকে নিয়ে ধর্ষণ করেন মোজাম্মেল। গতকাল বাজারে ধর্ষক ইমামকে দেখে ভিক্ষুক বাবা-মা ধরে ফেলেন। পরে স্থানীয় জনতা ইমামকে পুলিশের হাতে তুলে দেন। ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ইমামের মোবাইলে ওই মেয়েটির আপত্তিকর ছবি পাওয়া গেছে। ধর্ষণের পর থেকে ইমাম পলাতক ছিল।
এদিকে রাজশাহী অফিস জানায়, গত শুক্রবার দুর্গাপুর উপজেলার বহ্মপুর পূর্বপাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই গৃহবধূ (২২) থানায় মামলা করেছেন। মামলায় ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৩৫) একমাত্র আসামি করা হয়েছে।
খুলনায় ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ৫
খুলনা অফিস জানায়, সোনাডাঙ্গায় এক গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, দারুল আমান মহল্লার সরোয়ার, জুয়েল ওরফে কালু, মনির সরদার, মাসুদ রানা ও জাহিদুল হাওলাদার। গত রবিবার রাতে নগরীর আলীর ক্লাব সংলগ্ন দারুল আমান মহল্লায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় পুলিশ তাদের গ্রেফতার করে। অপর আসামি মিলন পলাতক রয়েছে।
