বান্দরবানে মোবাইল কোর্ট অভিযানে মোটর সাইকেল তল্লাশী করার সময় হঠাত্ পুলিশ গুলি চালিয়েছে। এতে মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সদর থানা ঘেরাও এবং কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এ সময় জনতা-পুলিশ সংঘর্ষে এএসপিসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ট্রাফিক মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহতাব উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে নামে পুলিশ। একটি মোটর সাইকেল তল্লাশীর সময় আচমকা পুলিশ সদস্য প্রণয় চাকমা শটগানের গুলি ছুঁড়লে আরোহী ব্যবসায়ী আজাদ হোসেন (২৩) ও আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। সঙ্গে সঙ্গে আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশ সদস্য প্রণয় চাকমাকে মারধর এবং বান্দরবান সদর থানা ঘেরাও করে। এছাড়া ট্রাফিকমোড়ে ট্রাকসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে জনতা। এসময় পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জনতা-পুলিশ সংঘর্ষে এএসপি শিবলী কায়সার, কনস্টেবল সাব্বির, ব্যবসায়ী ইউসুফ ও তৈয়বসহ আরো কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী এবং সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর তাত্ক্ষণিক জরুরি ভিত্তিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারণে প্রণয় চাকমা হঠাত্ গুলি চালিয়েছেন তা জানা যায়নি।
দোষী পুলিশ সদস্য ক্লোজ, তদন্ত কমিটি গঠন
এদিকে গতকাল সন্ধ্যায় বান্দরবানে ব্যবসায়ীসহ ২ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দোষী পুলিশ সদস্য প্রণয় চাকমাকে ক্লোজ করা হয়েছে। প্রশাসনের এক জরুরি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুজন হলেন জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন মংতে ঝ।
