টাকা থাকলে কত কি না করা যায়। ভালো খাতে ব্যয় করা যায়, আবার হাস্যকর নজিরও সৃষ্টি করা যায়। একজন চীনা ধনী প্রেমিক হয়তো তার প্রেমিকাকে দেখাতে চেয়েছিলেন তার কত টাকা! তাই তিনি বিয়ের আগেই প্রেমিকাকে মুড়ে দিলেন প্রায় ৯০ লাখ ইউয়ান দিয়ে! বাংলাদেশি টাকায় যার মান দাঁড়ায় প্রায় ১২ কোটি! তবে টাকা দিয়ে প্রেমিকার মনটা কিনতে গিয়ে তিনি দেশবাসীর চক্ষুশূল হয়েছেন। দেশের মিডিয়া এবং সুশীল সমাজ এই ঘটনাকে বলছে বড়লোকি প্রদর্শনের নির্লজ্জ উদাহরণ। বাহ্বার বদলে হিংসুটেরা কেবল প্রেমিক বেচারার উদ্দেশ্যে বলছে ‘ছি, ছি’।
জানা গেছে, প্রেমিকার কাছে টাকাগুলো বয়ে আনতে প্রেমিক প্রবল ১৮ জন কুলি ভাড়া করেন। তারা ১৮ টি বাঁশের ঝুড়িতে করে বান্ডেলগুলো বয়ে আনে। টাকাগুলোর মোট ওজন হয়েছিল ১০২ কেজি। সমালোচকরা বলছেন, এটা প্রেমিকাকে বিয়ে করা নয়, তাকে কেনা। অর্থ দিয়ে আর যা-ই কেনা সম্ভব হোক না কেন, মন কেনা যায় না। -সাংহাই ডেইলি নিউজ
