১৯৭৮ সালে পল্লী বিদ্যুত্ সমিতি প্রতিষ্ঠার পর থেকে চলতি বছর পর্যন্ত ১০৮ লাইনম্যান দায়িত্বে থাকা অবস্থায় দুর্ঘটনায় মারা গেছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির অনুসন্ধানে তৈরি করা এক প্রতিবেদনে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। বিদ্যুতের তারে কভার না থাকা এবং লাইনম্যানদের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এ মৃত্যুর হার বাড়ছে। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মারা গেলেও লাইনম্যানরা কোন ঝুঁকি ভাতা পান না বলে প্রতিবেদনে জানা যায়।
লাইনম্যানরা অভিযোগ করেছেন, নিম্নমানের সরঞ্জাম ও মালামালের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এজন্য দ্রুত দুর্ঘটনা এড়াতে তারা প্রয়োজনীয় সরঞ্জাম এবং ঝুঁকি ভাতা দেয়ার দাবি জানিয়েছেন। এছাড়া প্রতিবেদনে তারা বৈষম্য দূর করতে শ্রম মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
