জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দুই-একদিনের মধ্যেই তিনি মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন। একইসঙ্গে ঘোষণা দেবেন কয়েকটি দল নিয়ে গঠিত নতুন জোটের। তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের একটি যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান।
এরশাদ বলেন, ১৪ দল ও ১৮ দলীয় জোটের বাইরে অন্য দলগুলোর সঙ্গে তার আলোচনা হচ্ছে। নতুন জোটে ড. কামাল হোসেনের গণফোরামও যোগ দেবে। বিভিন্ন ইসলামী দলেরও যোগ দেয়ার কথা রয়েছে। এ দলগুলোর সঙ্গে জোট গঠন করে তিনি দেশকে ‘রাহুর গ্রাস’ থেকে মুক্ত করবেন। দুই জোটের সমালোচনা করে এরশাদ বলেন, ১৮ দলীয় জোটে কত দল আছে, তারা নিজেরাই জানে না। ১৪ দলে কতগুলো দল আছে, তারাও সেটি জানে না। এবার আমরা জোট করব এবং এই জোট জয়ী হয়ে সরকার গঠন করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
