রিমান্ডে নেয়ার খেসারত একদিন দিতে হবে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৮ দলের আন্দোলন ঠেকাতে ও নেতা-কর্মীদের ‘দমন’ করতেই বিএনপি নেতাদের গ্রেফতার করে রিমান্ডে দেয়া হয়েছে। গ্রেফতারকৃত ছয় নেতার অনেকেই বয়োবৃদ্ধ। ক্ষমতাসীনদের ‘অন্ধ হিংসা’ কতখানি তীব্র হলে বিরোধী দলের বর্ষীয়ান নেতাদেরও রিমান্ডে নেয়া হয়, সেটির এক নতুন নজির স্থাপিত হলো। এর খেসারত এ সরকারকে একদিন দিতেই হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, গত শুক্রবার গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ পাঁচ নেতার প্রত্যেককে গতকাল আদালত ৮ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড আদেশ প্রতিহিংসার: রিজভী পাঁচ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে তিনি বলেন, সরকার আদালতকে ব্যবহার করে আমাদের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে রিমান্ডে পাঠিয়েছে।