রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্যহ্লাচিং মারমা নিহত হয়েছে। রবিবার গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা বাসায় এসে ক্যহ্লাচিং মারমাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে চন্দ্রঘোনা থানা পুলিশ বাসা থেকে ক্যহ্লাচিংয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথেমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, ১০/১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতে বাসায় এসে তাকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার রাতে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
