নাম তার প্রেমজি। নামের মতোই মানুষের জন্য অসীম ‘প্রেম’ তার হূদয়ে। তাইতো মুক্তহস্তে দান করেন হাজার হাজার কোটি টাকা। তিনি ভারতের উইপ্রো গ্রুপের চেয়ারম্যান আজিম প্রেমজি। ধনকুবের এই ব্যক্তি ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং বিশ্বের মধ্যে ৯১ তম। তার সম্পদের পরিমাণ ১৭শ কোটি মার্কিন ডলারের বেশি। তিনি যে কেবল উপার্জন করেন তা নয়, মানবতার সেবায় ব্যয় করে চলেছেন অঢেল অর্থ। তাইতো তিনি একটি জরিপে ভারতের সেরা দানশীল ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
ভারতে অনেক ধনী ব্যক্তি মানবতার সেবায় দান করে থাকেন। কিন্তু তা প্রেমজির দেয়া অর্থের ধারেকাছেও নয়। তিনি গরীব শিশুদের শিক্ষার জন্য বেশি ব্যয় করে থাকেন। এ পর্যন্ত অন্তত ১২ হাজার কোটি রুপি তিনি দান করেছেন এই খাতে। এর বাইরে সমাজ উন্নয়ন খাতে ১২শ কোটি, স্বাস্থ্য খাতে ১ হাজার কোটি, পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে ৫৬৫ কোটি, পরিবেশ উন্নয়নে ১৭০ কোটি এবং কৃষকদের জন্য ৪০ কোটি রুপি দান করেছেন। দানশীলতার দিক দিয়ে ভারতে দ্বিতীয় অবস্থান এইচ সি এল গ্রুপের চেয়ারম্যান শিব নাদার। তবে তা ‘মাত্র’ ৩ হাজার কোটি রুপি। একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। -এনডিটিভি
