ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ১৫ সদস্যের প্রতিনিধি দল স্থানীয় সময় বুধবার দুপুরে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে এক সভায় মিলিত হন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন তাদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ এবং এর ১৯২টি সদস্য রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশের স্বার্থ ও অবস্থান তুলে ধরে। অনেক ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে অন্যতম রোল মডেল। এর একটি হচ্ছে জাতিসংঘের শান্তি মিশন। তাছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশসমূহকে হার মানিয়েছে। বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষা বিস্তার, শিশুমৃত্যুর হার কমানো, পরিবার পরিকল্পনায় সাফল্য অর্জন, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা ইত্যাদি। এজন্য জাতিসংঘে ‘তলাবিহীন বাংলাদেশ’ এখন ‘অর্থনৈতিক উন্নয়নের এবং নারীর ক্ষমতায়নের’ আদর্শ হিসাবে সম্মান অর্জন করেছে।
প্রতিনিধি দলের নেতা ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শাহাগীর বক্ত ফারুক এবং প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোকিম আহমেদ স্থায়ী প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
এদিকে এর আগে বুধবার বেলা ১১ টায় প্রতিনিধি দল নিউইয়র্কে জাতিসংঘের ‘ইউনিসেফ’ সদর দপ্তরে শিক্ষা বিষয়ক প্রধানের সঙ্গে এক সভায় মিলিত হন। তারা শিক্ষার সম্প্রসারণ কী ভাবে ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করেন। ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান এসময় বর্তমানে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যে উন্নতি করেছে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানান। এসময় প্রতিনিধি দল ইউনিসেফ কর্তৃক প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আশ্বাস পান।
নিউইয়র্কে অবস্থানের সময় ব্যবসায়ী প্রতিনিধি দল জাতিসংঘের উপ-মহাসচিব জেন এলিয়াসন, ব্রিটিশ স্থায়ী প্রতিনিধি স্যার মার্ক লরেন গ্রান্ট প্রমুখের সঙ্গে সাক্ষাত্ করবেন। তাছাড়া যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর এমডিজি’র বিশেষ অনুষ্ঠানে প্রতিনিধি দল যোগদান করবেন এবং তার সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া ‘ইউএন পার্টনারশিপ’ ফোরামের বিশেষ অনুষ্ঠানে প্রতিনিধি দল যোগদান করবেন এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ এনওয়াই) এক নৈশভোজে যোগদান করবেন। প্রতিনিধি দলে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলারা খানও অন্তর্ভুক্ত রয়েছেন।
