মানবতাবিরোধী অপরাধ

২৭ নভেম্বর কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫২
জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির জন্য এই দিন ধার্য করেন। এ সময় সৈয়দ কায়সার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ গত ১০ নভেম্বর কায়সারের বিরুদ্ধে যে অভিযোগপত্র জমা দেয়। এতে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের মতো ১৮টি ঘটনা রয়েছে। একই ট্রাইব্যুনালে জামায়াত নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আব্দুল জলিল। তিনি জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধের সময় ইউসুফের নির্দেশে রাজাকাররা নির্যাতনের পরে ভাইকে গুলি করে হত্যা করে।