বার্লুসকোনির নতুন দল গঠনের ঘোষণায় জোটে ভাঙ্গনের সুর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৫৩
সরকারি দলে থাকার পরও নানা জটিলতার কারণে ইটালির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি নতুন করে ডানপন্থি দল ফরজিয়া পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। জোট সরকার থেকে সরে এসে নতুন করে দল গঠনের ঘোষণায় বার্লুসকোনির পিপল অব ফ্রিডম পার্টিতে (পিডিএল) ভাঙ্গন দেখা দিয়েছে। এবার তার ঘনিষ্ঠ সহযোগী এনজেলিনো আলফানোর সাথে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়া বার্লুসকোনির দল এপ্রিলে প্রধানমন্ত্রী এনরিকো লেট্টার অধীনে জোট সরকারে যোগ দেন। তবে প্রথম থেকেই নানা জটিলতার শিকার হয়ে আসছিলেন তিনি। তার ঘনিষ্ঠ সহযোগী এনজেলিনো আলফানোকে সরকারের সহকারী প্রধানমন্ত্রী করা হলেও তিনি ছিলেন একজন সাধারণ সিনেটর। এরপরই তিনি সিদ্ধান্ত নেন দুই দশক আগে তাকে ক্ষমতায় নিয়ে আসা দল ফরজিয়া পার্টিকে নতুন করে গঠন করবেন। ২০১২ সালের এক টিভিস্বত্বের মালিকানা নিয়ে দুর্নীতি মামলায় তাকে সরকার থেকে বহিষ্কারের গুঞ্জন ওঠে। বহিষ্কার করা হলে নতুন দল গঠনে আলফানোকে পাশে পাওয়ার আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হয়তো তিনিও থাকবেন না নতুন দলে। বার্লুসকোনির দলের একজন ঘনিষ্ঠ সিনেটর রবার্তো ফরমিগোনি জোর দিয়ে বলেছেন, যে ৩৭ জন সিনেটর ও এমপি নতুন দলে যোগ দেবে তার মধ্যে আলফানোর নামও রয়েছে। তবে সেপ্টেম্বরে নতুন দল গঠনে যে বৈঠক হয় সেখানে ছিলেন না আলফানোসহ বেশ কয়েকজন এমপি।