সিরাজগঞ্জের সলঙ্গার ধোপাকান্দি এলাকায় গত শুক্রবার রাতে বিসমিল্লাহ হোটেলের টয়লেটের দেয়ালে চাপা পড়ে নাসিমা খাতুন (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত ও ছোট বোন নাজমা (১৬) আহত হন। নিহত নাসিমা খাতুন নিলফামারী জেলার সদর উপজেলার সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, নারায়ণগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে নীলফামারী যাবার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি বিসমিল্লাহ হোটেলে শুক্রবার রাতে যাত্রাবিরতি করে। গার্মেন্টস কর্মী নাসিমা ও নাজমা দুই বোন হোটেলের টয়লেটে প্রবেশ করলে রাত আড়াইটায় টয়লেটের দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থলেই নাসিমা মারা যান এবং নাজমা আহত হন।
