জামালগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের আবেদন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১০
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ১৯৮৫ সালে গণমানুষের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় জামালগঞ্জ কলেজ। একাদশ শ্রেণির মানবিক ও বাণিজ্য বিভাগে জনাকয়েক ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় কলেজের যাত্রা। কলেজটি এমপিওভুক্ত হয় ১৯৯০ সালে। ১৯৯৩ সালের মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদ নিয়ে কলেজটি উন্নীত হয় ডিগ্রি স্তরে। বিজ্ঞান শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ খোলা হয় জামালগঞ্জ ডিগ্রি কলেজ এই ভাটি অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় দুহাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পরীক্ষায় পাসের হার বরাবরই সন্তোষজনক। ইতোমধ্যেই কলেজটি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে তৃতীয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করেছে। এ অবস্থায়, জামালগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার ব্যবস্থা করতে আশু উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. হাবিবুর রহমান চৌধুরী, অধ্যক্ষ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ