ঢাবি ‘গ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্র থেকে ফাঁস হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সামাজিক বিজ্ঞান ভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাব্বির আহমেদের ভর্তি পরীক্ষার রোল নম্বর ৫১১৭৩২, বাবার নাম আমিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন সামাজিক বিজ্ঞান ভবন থেকে সাব্বিরকে আটক করা হয়। সে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করার চেষ্টা করছিল; কিন্তু আমাদের কাছে আগে থেকে তথ্য থাকায়, শুরুতেই তাকে আমরা আটক করতে পেরেছি। তার পরীক্ষা বাতিল করে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। জালিয়াতির সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। এবার ‘গ’ ইউনিটে এক হাজার ৭৫ আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৯৪ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা কলেজের বিভিন্ন সূত্র থেকে অভিযোগ উঠেছে, শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করেছেন এ কলেজেরই এক শিক্ষক। সকাল ১০টায় পরীক্ষা শুরুর কয়েক মিনিট পরেই প্রশ্নপত্র হলের বাইরে পাঠিয়ে তা সমাধান করে আবার চুক্তি করা ভর্তিচ্ছুদের কাছে পৌঁছে দেয়া হয়। কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুইটি কক্ষে বসে প্রশ্ন সমাধান করা হয়। সেখান থেকেই সমাধানকৃত উত্তর ক্ষুদেবার্তার মাধ্যমে পরীক্ষার হলে থাকা শিক্ষার্থীদের মোবাইলে পাঠানো হয়। ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ঢাকা কলেজ কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তিনি পেয়েছেন, সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ২/১ দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।