পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৮, কারফিউ জারি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৮
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাম্প্রদায়িক সংঘর্ষে আট জন নিহত হয়েছে। শুক্রবার রাওয়ালপিন্ডির রাজা বাজার এলাকায় আশুরার শোক মিছিলকে কেন্দ করে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। -খবর ডন-এর। ঘটনাস্থলের আশেপাশের বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাওয়ালপিন্ডিতে কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শনিবার পর্যন্ত টেলিফোন নেটওয়ার্কও বন্ধ রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা ওয়াসিম আহমেদ জানান, আশুরার একটি শোক মিছিল রাজাবাজার এলাকায় পৌঁছালে সেখানকার একটি সুন্নি মসজিদ থেকে শিয়াদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে। রাওয়ালপিন্ডি জেলা হাসপাতালের চিকিত্সক কাসিম খান জানান, আহতদের মধ্যে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরজুড়ে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।