বাংলাদেশের হাজীদের দুর্ভোগ লাঘবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। এবছর থেকে হাজীদের ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। ফলে সৌদি আরবের জেদ্দা বা মদিনা বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য আর ঘণ্টার পর ঘণ্টা বসে কষ্ট করতে হবে না। এছাড়া ভিসা প্রদানের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়া শর্ত।
সরকারি-বেসরকারি হজযাত্রীদের ভিসা পেতে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দেওয়ার আগে আবশ্যিকভাবে বিমান টিকিট কিনতে হবে। সেইসাথে হজ এজেন্টকে দিতে হবে মক্কা ও মদীনায় ভাড়াকৃত বাড়ির নাম ও ঠিকানা। সংশ্লিষ্ট হজযাত্রী কোন্ দিন কোন্ ফ্লাইটে কয়টার সময় জেদ্দা কিংবা মদিনাতে যাচ্ছেন তার উল্লেখ থাকতে হবে। বিমান টিকিট ছাড়া হজ ভিসার জন্য কোনো পাসপোর্ট জমা নেওয়া হবে না। এই বিধিনিষেধের ফলে হজযাত্রীরা প্রতারণা ও ভোগান্তির হাত থেকে রেহাই পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিবছর হজযাত্রীরা যে দুর্ভোগ ও প্রবঞ্চনার শিকার হন তার অন্যতম কারণ টিকিট ও বাড়ি ভাড়া সমস্যা। গতকাল সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
হজ ফ্লাইটের টিকিট সোমবার থেকে বিক্রি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।
জানা গেছে, ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রি-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। এবছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের। হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
গতকাল ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, রবিবার পর্যন্ত ১১৭টি এজেন্সি মোট ১৯ হাজার ১২৩ জন হজযাত্রী বিমান টিকিটের জন্য পে-অর্ডার করেছে। গতকাল থেকে বিমান বাংলাদেশ হজযাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু করেছে। আজ মঙ্গলবার থেকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স টিকিট বিক্রি শুরু করবে।
সরকারি হজযাত্রীর কোটা পূরণ হচ্ছে না
এদিকে বার বার সময় বাড়িয়েও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা পূরণ হচ্ছে না। গতকাল ছিল সর্বশেষ সরকারি প্রাক-নিবন্ধনের শেষ দিন। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ৩০ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
