বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৯
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদের ১৮ দলের পূর্ব ঘোষিত সারাদেশে থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের পাশে সেগুনবাগিচা এলাকা থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন মোড়, বিজয় নগর এলাকা প্রদক্ষিণ করে। ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি শাহবাগ পরীবাগ এলাকায় মিছিল বের হলে পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি করে। পরে ১০ জনকে গ্রেফতার করা হয়। ধোলাইপাড়ে সিএনজি পাম্পের সামনে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিলটি কিছুদূর গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ভাসানটেক থানা: ভাসানটেক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের হয় সংঘর্ষ। এ সময় বিএনপি নেতা আব্দুর রহমান, আবুল কাশেম, মো. মল্লিক চান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাকন, তাঁতিদল নেতা সোহেল রানা বাবু, লিটন, সুমন, শ্রমিক দল নেতা ওমর ফারুকসহ ২৪ জন গ্রেফতার ও ১৫ জন আহত হন। কলাবাগান থানা: বিএনপির মিছিল হাতিরপুল ইস্টার্ন প্ল¬াজা থেকে শুরু হয়ে কাঁঠালবাগান এলাকা প্রদক্ষিণ করে। ওয়ারী থানা: বিএনপির বিক্ষোভ মিছিল কাপ্তানবাজার এলাকা থেকে শুরু হয়ে ঠাটারীবাজার, বটতলা, বনগ্রাম রোড, যোগীনগর হয়ে ওয়ারী মসজিদের সামনে এসে শেষ হয়। কোতয়ালী-বংশাল থানা: আরমানীটোলা মাঠের সামনে থেকে মিছিল শুরু হয়ে কে.পি ঘোষ স্ট্রিট মাহুতটুলী পুলিশ বক্স হয়ে বংশাল মোড় এসে শেষ হয়। যাত্রাবাড়ী ডেমরা থানা: যাত্রাবাড়ী চৌরাস্তা তাজ মার্কেট থেকে শুরু করে দয়াগঞ্জ মোড়ে এসে শেষ হয়। কাফরুল থানা: সেনপাড়া আল হেলাল হাসপাতালের সামনে থেকে কাজীপাড়া মাদ্রাসা রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে। চক বাজার থানা: তারা মসজিদের সামনে থেকে বের হয়ে জেলখানা হয়ে নাজিমুদ্দিন রোডে এসে শেষ হয়। সবুজবাগ থানা: মাদারটেক চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নন্দীপাড়া ব্রিজে পৌঁছলে পুলিশ গুলি করলে শ্রমিক দল নেতা সারোয়ার গুলিবিদ্ধ হন। আদাবর থানা: বিএনপির মিছিল শেখেরটেক এলাকায় বের হয়। অন্যদিকে সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। ইত্তেফাকের স্থানীয় অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। চট্টগ্রাম অফিস: নগরীর কাজীর দেউরী মোড়ে গতকাল চট্টগ্রাম মহানগর যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিলের পর সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে করা হয় এ সমাবেশ। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সমাবেশে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের নেতা-কর্মী হত্যা, গুম, গ্রেফতার, মামলা-হামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। একদলীয় নির্বাচন করার জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। যে কোন মূল্যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে গত শুক্রবার বাদ জুমা হযরত আমানত শাহ (রা.)-এর মাজারে জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর অফিস: জেলা বিএনপি গতকাল জেলার দলীয় কার্যালয়ের সমানে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ল’ইয়ার্স প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ। রংপুর প্রতিনিধি: জেলায় গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের নেতৃত্বে গতকাল গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়নি। খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান ওমরের নেতৃত্বে এ কর্মসূচি হবার কথা ছিল। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টায় তিনি শহরে প্রবেশ করার আগেই বিশ্বরোড কলেজ মোড়ে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেন। এক পর্যায়ে সেখানে পুলিশ কর্মকর্তারা আসলে তাদের অনুরোধে বিকালে ৩ শহরে বিক্ষোভ কর্মসূচি বাতিল করে কলেজ মোড় কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিকাল সাড়ে ৩ টায় শাহজাহান ওমর কলেজ মোড় এলাকায় নেতা-কর্মীদের নিয়ে সভা ও বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে বরিশাল পাঠিয়ে দেয়। এসময় ২ বিএনপি কর্মীকে আটক করা হয়। যশোরে ৬ বিএনপি কর্মী আটক যশোর অফিস: জেলা কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ৬ বিএনপি কর্মীকে আটক ও ৮টি হাতবোমা উদ্ধার করেছে। গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক ও বোমা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—শহরের বেজপাড়া বনানী সড়কের দেলোয়ার হোসেনের ছেলে সুমন (২০), রেলগেট এলাকার হাসানের ছেলে রিপন (২২), রায়পাড়ার শওকত আলীর ছেলে আব্দুল হক (২০), স্টেডিয়ামপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সিরাজুল (২০) এবং সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে শুকুর আলী (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)। আটককৃতরা সবাই বিএনপির কর্মী বলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি জানান। সোনারগাঁওয়ে পৌর কাউন্সিলর গ্রেফতার সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:সোনারগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিমকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । তার নিজ এলাকা থেকে গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। কাঁচপুর এলাকায় তাণ্ডব চালিয়ে যানবাহন ও কাঁচপুর হাইওয়ে থানা ভাংচুর করে অগ্নি সংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পীরগঞ্জে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে গত শুক্রবার বিকালে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ জানায়, তাকে পৌর শহরের গুয়াগাঁও মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় এলডিপি মহাসচিবের বাসভবনে ককটেল নিক্ষেপ কুমিল্লা প্রতিনিধি:লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। জেলার চান্দিনাস্থ বাসভবনে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তার বাসভবনে ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। কাপাসিয়ায় জামায়াতের আমীর গ্রেফতার কাপাসিয়া সংবাদদাতা:গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিফায়েত উল্লাহকে (৩৮) গ্রেফতার করেছে। তাকে গতকাল গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। নাভারণ হাইওয়ে পুলিশের শিবিরের সভাপতিকে ছেড়ে দেয়ার অভিযোগ বেনাপোল(যশোর)সংবাদদাতা:শার্শা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওয়াজ কুরুনীকে বোমা, সরকার বিরোধী পোস্টারসহ নাভারন হাইওয়ে পুলিশ আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। লগি বৈঠা ও জামায়াত-শিবিরের ওপর নির্যাতনের পোষ্টার লাগানোর সময় শিবিরের এ নেতাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী অপর ৩ নেতা-কর্মী পালিয়ে যায়। সার্জেন্ট সোহরাব হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে আটক শিবির নেতাকে ছেড়ে দেয়া হয়েছে।