ঢাকা এলেন নিশা দেশাই

সুষ্ঠু নির্বাচনের উপর গুরুত্বারোপ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তিনদিনের সফরে গতকাল শনিবার ঢাকা এসেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নীতিনির্ধারক অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সম্পর্কে সরাসরি জানতে এই প্রথম ঢাকা এলেন। গতকাল সন্ধ্যায় কয়েকজন সুশীস সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠকে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, কোন দলের প্রতি পক্ষপাত নয়, একটি ভাল নির্বাচন দেখতে চাই। আজ রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তিনি। ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, তৈরি পোশাক খাত ও শ্রম পরিস্থিতি নিয়ে বিজিএমইএ নেতৃবৃন্দ, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন নিশা দেশাই। নিশা দেশাই গতকাল বিকালে ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার পরিদর্শন করেন। সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান সুজন-এর বদিউল আলম মজুমদার, অধিকার-এর আদিলুর রহমান খান, ব্যারিস্টার মঞ্জুর হাসান, সিনিয়ার সাংবাদিক মাহফুজ উল্লাহ এ সময়ে উপস্থিত ছিলেন।