ফয়সালা হবে ময়দানে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ না হলে ফায়সালা হবে ময়দানে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। তাই আর আপনারা ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন। আসুন, আমরা একত্রিত হয়ে সরকার পতনে গণআন্দোলন গড়ে তুলি, অন্যথায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ টেলিফোন আলাপ নিয়ে নাটক করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। বিএনপি, ১৮ দলীয় জোট এবং যারা নির্দলীয় সরকারের দাবির পক্ষে, তাদের ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে। ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের অনুমোদন নিয়ে বলছি। বিএনপি এখনো আলোচনা করতে চায়। তবে তা হতে হবে নির্বাচনকালীন সরকার বিষয়ে। যেকোনো জায়গায়, যেকোনো সময় বিএনপি আলোচনায় রাজি আছে। তিনি বলেন, বিএনপি নিজস্বভাবে উদ্যোগ গ্রহণ করে সরকারকে সংলাপের আহ্বান জানিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সাড়া-শব্দ পাওয়া যায়নি। তিনি বলেন, আজ রবিবার সরকারের নির্দেশে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রমাণবিহীন বানোয়াট মামলায় দোষী সাব্যস্ত করে একটি মিথ্যা রায় দেয়া হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমুখ। এদিকে গতকাল দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরকারের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি অসহায় নয়। আমরা হিসাবের খাতায় সব ঋণ লিখে রাখছি। সময় আসলে সব কড়ায়-গণ্ডায় শোধ নেয়া হবে।