বাংলাদেশের শান্তিতে আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা করছি :পঙ্কজ শরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৪
বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতায় আগ্রহী যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছি। কোন দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে কি আলাপ করছি সেটা বলব না। কিন্তু এটা নিশ্চিত করতে পারি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি। গতকাল শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, জয় মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের অবস্থান নিয়ে আমার সঙ্গে আলোচনা করেন। আসন্ন নির্বাচন নিয়েও আমাদের কথা হয়। সব দলের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ বিষয়ে ভারতের সুনির্দিষ্ট বক্তব্য ও অবস্থান রয়েছে। এই অবস্থান সংশ্লিষ্ট সকল পক্ষকে জানাতেই ভারতীয় হাইকমিশন সম্প্রতি বিবৃতি প্রদান করে। সংশ্লিষ্ট পক্ষগুলো ভারতের বক্তব্য জানতে আগ্রহী হতে পারে। রাজধানীর কমলাপুরে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ গতকাল সকালে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানটির ডাইনিং হল-কাম-লাইব্রেরির উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির অংশীদার আমরা সবাই। এখানে আরো অনেক শিক্ষার্থী শিক্ষা ও জ্ঞান লাভ করতে পারবে। বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আমাদের এটা শুভেচ্ছার নিদর্শন। যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত সমাজ তৈরি সম্ভব হয়। বাংলাদেশ একটি পরমতসহিষ্ণু সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। প্রকৌশলী এমদাদুল ইসলাম, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়কা শুদ্ধানন্দ মহাথেরো ও সাধারণ সম্পাদক ড. পিকে বড়ুয়া বক্তব্য রাখেন।