আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক ভিসি অধ্যাপক এম আমিনুল ইসলাম আর নেই। । রাজধানীর এক হাসপাতালে গত শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হয়।
অধ্যাপক এম আমিনুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি এক বিশিষ্ট শিক্ষাবিদকে হারালো। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
